জাককানইবিতে আদিবাসী উৎসব: সংস্কৃতির রঙে মুখর ক্যাম্পাস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ এএম

মোঃ মোফাছসিল খান, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

নাচ, গান, গল্প আর ঐতিহ্যবাহী খেলার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী "আদিবাসী উৎসব"। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ১০টায় শুরু হওয়া এ উৎসব চলে রাত ১০টা পর্যন্ত।

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১৭তম আবর্তনের (২০২২-২৩ সেশন) শিক্ষার্থীরা তাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সের অংশ হিসেবে এ আয়োজন করেন।

আয়োজকদের সূত্রে জানা যায়, সকাল ১০টায় গারোদের জুম নাচ এবং আদিবাসী গান ও নৃত্যের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়। এরপর সকাল ১১টা থেকে আদিবাসী শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আড্ডা এবং ১১টা ৪৫ মিনিট থেকে "বহমান আমারও পদচিহ্ন" শীর্ষক অনুভূতি বিনিময় অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী ঘিলা খেলার মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের আয়োজন শুরু হয়। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত শোনানো হয় মারমা রূপকথার গল্প। আসরের নামাজের বিরতির পর বিকেল সাড়ে ৪টায় শব্দকুঞ্জের পরিবেশনায় আবৃত্তি এবং ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মাহফুজ ও বিপুনের পরিবেশনায় আদিবাসী গান অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে আদিবাসী নৃত্যের পর ড্রামা চেম্বারের পরিবেশনায় মঞ্চস্থ হয় "নামের সুতো"। সাড়ে ৬টায় বোতল নৃত্য এবং এরপর ড্যান্স ক্লাবের নৃত্য পরিবেশিত হয়। এছাড়া ষড়ঙ্গের পরিবেশনাসহ আদিবাসী নৃত্য ও গানের নানা আয়োজন ছিল।

উৎসবে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেন আদিবাসী শিক্ষার্থীরা। মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ্রতং চাকমা বলেন, "অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি অনেক আনন্দিত। এ আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতি ও খাদ্যাভ্যাস সাধারণ শিক্ষার্থী ও অন্য দর্শনার্থীদের কাছে তুলে ধরা হচ্ছে। তাছাড়া এ অনুষ্ঠান একটি অসাম্প্রদায়িক চেতনাও বহন করছে।"

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কুমলাউ আরেং বলেন, "প্রথমবারের মতো নিজের সংস্কৃতিকে বিশ্ববিদ্যালয়ের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মতো একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণ ও তাদের সংস্কৃতি সমতলের সবার কাছে তুলে ধরার মাধ্যমে আমাদের বিষয়গুলো আরও গুরুত্ব পাচ্ছে।"

একই বিভাগের শিক্ষার্থী ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া চিরাং বলেন, "এমন একটি অনুষ্ঠানে অংশ নেওয়া আমাদের জন্য গর্বের। এর মাধ্যমে আমাদের সংস্কৃতি স্বাচ্ছন্দ্যে সবার কাছে তুলে ধরা যাচ্ছে। আদিবাসীদেরও যে আলাদা সংস্কৃতি ও খাদ্যাভ্যাস রয়েছে, তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে।"

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com