জয়পুরহাটে সম্প্রীতি ও নারী নেতৃত্ব বিকাশে ‘She Leads’-এর আলোচনা সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা সভা।
আজ শুক্রবার ৬ নভেম্বর সকালে জয়পুরহাট সদর উপজেলা হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা PUMDO (Peoples Union of the Marginalized Development Organization)-এর বাস্তবায়নে এবং IFES-এর অর্থায়নে পরিচালিত ‘She Leads’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
PUMDO-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা প্রধান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান।
PUMDO-এর জেনারেল ম্যানেজার মো. শাহাবুর রহমান ও দেবাশীষ পাহানের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা কৃষক দলের সদস্যসচিব মঞ্জুরে মওলা পলাশ, পাঁচবিবি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরমেশ্বর মাহাতো ও সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার, পাঁচবিবি বারোয়ারী মন্দিরের পুরোহিত অনুপ কুমার বাগচি, ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধবিহারের সভাপতি দিলীপ মালো ও সাধারণ সম্পাদক মৃগাঙ্ক সরকার এবং পাঁচবিবি স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মো. ইয়াহিয়া মুয়াল্লিম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জয়পুরহাট জেলা তালিমুল ইসলাম একাডেমিসহ বিভিন্ন ধর্মীয়, জাতিগত ও সামাজিক সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং ‘She Leads’ প্রকল্পের ২৫ জন নারী প্রতিনিধি অংশ নেন। পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নে দায়িত্ব পালন করেন প্রকল্পটির মাস্টার ট্রেইনারগণ।
সভায় বক্তারা ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, পরমতসহিষ্ণুতা এবং সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমাজে নারীর রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ বাড়ানোসহ নীতি-নির্ধারণী পর্যায়ে নারীদের নেতৃত্ব বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আলোচকরা উল্লেখ করেন, "ধর্ম ও বর্ণের ভিন্নতা নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও ঐক্যই একটি সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের মূল ভিত্তি।" সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে সবার সমান মর্যাদা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।