দেবীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিয়ন্ত্রণে প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ, পুনর্বাসনের আশ্বাস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

সঞ্জু বনিক সৌরভ | জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় | ৬ নভেম্বর ২০২৬

পঞ্চগঞ্জের দেবীগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ বিজয় চত্বর ও চৌরাস্তা এলাকায় ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি। তবে ফুটপাত থেকে দোকানপাট সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের পুনর্বাসনের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে দেবীগঞ্জের বিজয় চত্বর ও চৌরাস্তা এলাকা পায়ে হেঁটে পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন। এ সময় তিনি ফুটপাতের ওপর অবৈধভাবে বসানো দোকানপাট, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা এবং সড়কে যানবাহনের জটলা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বিজয় চত্বর এলাকায় ফুটপাত দখল করে দোকান বসানোর বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসে। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ফুটপাতের ওপর থেকে দোকানপাট সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে উচ্ছেদের কারণে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন হঠাৎ করে কর্মহীন হয়ে না পড়েন, সে জন্য তাঁদের বিকল্প স্থানে ব্যবসা পরিচালনার সুযোগ সৃষ্টি ও পুনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন।

অন্যদিকে দেবীগঞ্জ চৌরাস্তা এলাকায় রিকশা ও ভ্যানের এলোমেলো অবস্থান এবং অযথা জটলা থেকে সৃষ্ট যানজট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সড়কের গুরুত্বপূর্ণ অংশে রিকশা-ভ্যান দাঁড় করিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি নির্দিষ্ট স্থানে যানবাহন দাঁড় করানো, চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয়দের মতে, দেবীগঞ্জের বিজয় চত্বর ও চৌরাস্তা পৌর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব সড়ক ব্যবহার করেন। কিন্তু ফুটপাত দখল, যত্রতত্র দোকানপাট এবং রিকশা-ভ্যানের জটলার কারণে প্রায়ই চলাচলে ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজটের কারণে সাধারণ মানুষের সময় নষ্ট হওয়ার পাশাপাশি সড়কে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এ অবস্থায় প্রতিমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়িত হলে দেবীগঞ্জ শহরের ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের উপযোগী হবে এবং চৌরাস্তা এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। তবে উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন নিশ্চিত করাও এখন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের প্রত্যাশা, শুধু পরিদর্শন ও নির্দেশনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এতে একদিকে যেমন শহরের যানজট ও পথচারীদের দুর্ভোগ কমবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরাও জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com