বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম
হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:
সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’-এর বিশেষ অভিযানে সাড়ে ১৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন চওড়াটারী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে। তল্লাশি চলাকালীন পরিত্যক্ত অবস্থায় ১৩ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৪৭ হাজার ২৫০ টাকা।।
মাদক আটকের এই ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে বর্তমানে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদক পাচারসহ যেকোনো অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, "দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।"