রংপুরে এনজিও কর্মী হত্যা: লক্ষ্মীপুর থেকে প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাকতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হত্যা মামলার প্রধান আসামি শিবু কুটিপাড়ার মসলেম উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩২), দ্বিতীয় আসামি মৃত আবজাল হোসেনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং চতুর্থ আসামি মোকছেদ আলীর ছেলে রিপন মিয়া (৩০)।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ অক্টোবর রংপুরের কাউনিয়ায় বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে ফখরুল আলম রতনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আসামিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এসআরবি-১৩ রংপুরের সদর কোম্পানি এবং এসআরবি-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের সিপিসি-৩-এর একটি যৌথ আভিযানিক দল রামগঞ্জ থানার শাকতলা বাজার এলাকায় জনৈক রাশেদের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।