ঘিওরে শহীদ জিয়া স্মৃতি নকআউট হা-ডু-ডু টুর্নামেন্টে, রানার্সআপ পুরস্কার ষাঁড় গরু, চ্যাম্পিয়ন পুরস্কার মহিষ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গড়া ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে জনপ্রিয় করার প্রত্যয়ে মানিকগঞ্জের ঘিওরে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি নকআউট হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬ । শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় । উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বানিয়াজুরী ও বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে একটি মহিষ এবং রানার্সআপ দল পাবে একটি ষাঁড় গরু ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ঘিওর উপজেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনাইয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের জামাতা ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন । খেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন টুর্নামেন্ট পরিচালনার জন্য আয়োজক কমিটির হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন ।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্যসচিব মো. শওকত আলী খান, অর্থ কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান খান কুদরত, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মো. হাবিব ইব্রাহীম খান সাগর, মঞ্চ কমিটির আহ্বায়ক সবুজ বেপারী, কমিটির সদস্য জানে আলম, মো. মোশারফ হোসেন খান, মীর্জা সালেম ও মেহেদী হাসান শীতলসহ আয়োজক কমিটির অন্য সদস্যরা ।
আয়োজকেরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।