ঘিওরে কৃষককে বজ্রপাত থেকে বাঁচাতে প্রথম দিনে ৫৫০ তালগাছ রোপণ, লক্ষ্য এক হাজার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মানিকগঞ্জের ঘিওরে সড়কের পাশে এক হাজার তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে । শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার বাইলজুরী (পঞ্চরাস্তা) থেকে সিংজুরী বাজার পর্যন্ত সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয় । প্রথম দিনেই রোপণ করা হয়েছে ৫৫০টি চারা ।

আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং ঘিওর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির । এতে সহযোগিতা করে ঘিওর উত্তরপাড়া যুবসমাজ ।

আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে এক হাজার তালগাছের চারা রোপণ করা হবে । এর পর ঘিওর-দৌলতপুর ভায়া টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর পঞ্চরাস্তা থেকে তেরশ্রী আঞ্চলিক মহাসড়কের দুই পাশেও তালগাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে । এ তথ্য জানান আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক ও মরহুম আব্দুল মজিদ মাস্টারের ছোট ছেলে, ব্যবসায়ী ও সমাজসেবক জাকির ইকবাল ।

আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুম আব্দুল মজিদ মাস্টারের বড় ছেলে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ব্যবসায়ী আব্দুল আলীম, জেলা কৃষক দলের সহসভাপতি মো. খালেক শিকদার, উপজেলা কৃষক দলের সহসভাপতি শহিদুল ইসলাম চান্দু, ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার ও গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।

আয়োজকদের ভাষ্য, সড়কের পাশে তালগাছ রোপণের মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখাই এ উদ্যোগের লক্ষ্য ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com