ভাইরাল ফুটবলার শাহানাজের জোড়া গোলে ডোমারের জয়, তেপুকুরিয়ায় দর্শকদের উপচে পড়া ভিড়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

সঞ্জু বনিক সৌরভ | জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় | ৬ নভেম্বর ২০২৬

নারী ফুটবলের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নারী ফুটবলারদের খেলা দেখতে মাঠে দর্শকদের উপস্থিতিও বাড়ছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। আর এই ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ফুটবলার শাহানাজ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় বোদা উপজেলার তেপুকুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে তেপুকুরিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় ডোমার প্রমিলা ফুটবল একাডেমি (দীপক বাহিনী) ও ঢাকা গাজীপুর প্রমিলা ফুটবল একাডেমি। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নেয় ডোমার প্রমিলা ফুটবল একাডেমি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ডোমার দল। দলের হয়ে মাঠে নামা আলোচিত ফুটবলার শাহানাজ নিজের গতি, দক্ষতা ও চমৎকার ক্রীড়াশৈলীতে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন। একপর্যায়ে ফ্রি-কিক থেকে পরপর দুটি গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

শাহানাজের এমন দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তাঁর প্রতিটি আক্রমণ ও গোলের মুহূর্তে করতালি এবং স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। দর্শকদের প্রত্যাশা ছিল, ম্যাচের বাকি সময়ে আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করবেন এই আলোচিত ফুটবলার।

এদিকে খেলা শুরুর আগেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের উপচে পড়া ভিড়ে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। খেলোয়াড়দের আক্রমণাত্মক ও সাবলীল ফুটবল দর্শকদের পুরো সময়জুড়ে আনন্দে মাতিয়ে রাখে।

স্থানীয় যুব সমাজের এমন ক্রীড়ামূলক উদ্যোগ এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান উপস্থিত অতিথিরা। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের প্রশংসা করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com