পাঁচবিবি সীমান্তে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন: ধরঞ্জী চ্যাম্পিয়ন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী স্কুল মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই সমাপনী ম্যাচে নাটোর ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে স্বাগতিক ধরঞ্জী ফুটবল একাদশ।
ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরীর সার্বিক উদ্যোগে টুর্নামেন্টটি আয়োজিত হয়। ফাইনাল ম্যাচ উপলক্ষে তিনি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ইউনিয়নজুড়ে একটি মোটরসাইকেল শোভাযাত্রা করে খেলার মাঠে এসে পৌঁছান। খেলা শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সহ-সভাপতি মোঃ শফিকুল আলম, স্থানীয় বিএনপি নেতা আলম হোসেন, বিপ্লব হোসেন, বাহার আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সালেহ মুন্না, জেলা ছাত্রদল নেতা মোঃ আল ইমরান মন্ডল, ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন এবং আদিবাসী নেতা মিলন কিসপট্টাসহ স্থানীয় নেতৃবৃন্দ। সীমান্ত এলাকার বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ্য এই ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।