কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু (হত্যা মামলার হাজতি) নামে এক বন্দির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কারাগারের শৌচাগার থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় হাজতি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৯৪২৩/২৬।

কারা কর্তৃপক্ষ জানায়, দুপুর সোয়া ২টার দিকে শৌচাগারের দরজায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে এসব কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com