মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কলেজছাত্র নাসিমের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নাসিম (২৪) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার হাট চকগৌরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাসিম নওগাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও উপজেলার উজানি গ্রামের মামুদুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে চকগৌরী হাটে নিজের মোটরসাইকেল ধোয়ামোছা শেষে বাড়ির উদ্দেশে রওনা হন নাসিম। বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

অল্প বয়সে নাসিমের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর এমন করুণ বিদায়ে শোকাহত তাঁর পরিচিতজনেরা।

ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com