শেরপুরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার ‎

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

তৌহিদুর রহমান , শেরপুর থেকে :

‎শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম, ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান এবং সাইফুল ইসলামের ছেলে সাগর।

‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে গাজীরখামার এলাকায় কয়েকজন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আকস্মিকভাবে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শেরপুর সদর থানার নিয়মিত টহল পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই করে তাঁদের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মী বলে শনাক্ত করা হয়।

‎শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় পুলিশের নিয়মিত টহল জোরদার রয়েছে। টহল চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাঁদের আটক করে থানায় নেওয়া হয়।

‎তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com