মানিকগঞ্জে টাইব্রেকারে সিংজুরীকে হারিয়ে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মাসুম একাডেমি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

উত্তেজনাপূর্ণ ফাইনাল, শেষ পর্যন্ত নিষ্পত্তি টাইব্রেকারে । সেখানে সিংজুরী ফুটবল একাডেমিকে ৪-২ গোলে হারিয়ে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে মানিকগঞ্জের মাসুম ফুটবল একাডেমি ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নব-জীবন ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।

ফাইনালে মুখোমুখি হয় মাসুম ফুটবল একাডেমি ও ঘিওরের সিংজুরী ফুটবল একাডেমি । নির্ধারিত সময়ে দুই দলই সমানতালে লড়াই চালিয়ে যায় । শেষ পর্যন্ত কোনো দল জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে । এতে ৪-২ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় মাসুম ফুটবল একাডেমি । রানারআপ হয় সিংজুরী ফুটবল একাডেমি ।

খেলায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর । খেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু ।

বিশেষ অতিথি ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জানে আলম, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর শরিফুল আলম টিটু ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব-জীবন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এইচ এম উজ্জ্বল । সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুমন দেওয়ান সাকিব ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ—দুই দলকেই একটি করে ফ্রিজ পুরস্কার দেওয়া হয় । উৎসবমুখর পরিবেশে স্থানীয় দর্শকেরা ফাইনাল খেলাটি উপভোগ করেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com