চট্টগ্রামে শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর পুকুরে পড়ে গেছে মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস। এ দুর্ঘটনায় এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট রেলবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও মো. ইসরাফিল (৫৬)।

আহতদের মধ্যে চমেক হাসপাতালে ভর্তি হওয়া ছয়জন হলেন কুমিল্লার বুড়িচংয়ের শাহ জালাল (৬২), তাঁর স্ত্রী পারভিন আক্তার (৫১), নোহা আক্তার (১৫), নিহা (১৫), আলাউদ্দিন (৩২) ও খাদিজা (৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা তিশা পরিবহনের বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়। বাসটিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ছিলেন। তাঁরা বার্ষিক শিক্ষাসফরের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, সাতকানিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তাঁরা আহতদের উদ্ধার করে কেরানীহাট এলাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ চালান। এ ঘটনায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁদের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া নাদিরা আফরোজ মেঘলা নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com