মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের আগেই ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
পুলিশ জানায়, নরসিংদীর ঘোড়াশাল থেকে সারবোঝাই ট্রাকটি মীরসরাইয়ে আনা হয়েছিল। ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১ নম্বরের ট্রাকটি তল্লাশি করে ৩০০ বস্তায় মোট ১৫ টন ইউরিয়া সার পাওয়া যায়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সার বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি একটি চক্র মীরসরাইয়ের বঙ্গোপসাগরকে ইউরিয়া সার পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককেও আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, গত তিন মাসে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ১ হাজার ৫৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও জোরারগঞ্জ থানা-পুলিশ। এর মধ্যে কোস্ট গার্ড ৯৬০ বস্তা এবং জোরারগঞ্জ থানা-পুলিশ ৬০০ বস্তা সার জব্দ করে।