সিকদার বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে ইউনুস, আবুল কালাম কালু ও সুজন বড়ুয়ার জয়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

মোহাম্মদ হোসাইন : জেলা প্রতিনিধি কক্সবাজার 

 কক্সবাজার পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ রুমালিয়ার ছড়া সিকদার বাজার দোকান মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আবুল কালাম কালু এবং কাপ-পিরিচ প্রতীকে সুজন বড়ুয়া বিজয়ী হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হন মুহাম্মদ আবুল কালাম কালু। সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে বিজয়ী হন মুহাম্মদ ইউনুস। পাশাপাশি কাপ-পিরিচ প্রতীকে নির্বাচিত হন সুজন বড়ুয়া।

নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম কালু তাঁর প্রতিক্রিয়ায় ভোটার ও ব্যবসায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যারা তাঁকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। সিকদার বাজার দোকান মালিক সমিতির উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নির্বাচনে প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করেন পাঁচজন। তাঁরা হলেন— মুহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ বেলাল, জসিম উদ্দিন রুবেল, মোহাম্মদ ইউসুফ সওদাগর ও মনির আহমদ মনু।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সিকদার বাজার দোকান মালিক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

এদিকে নির্বাচনে বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়েছেন বাজারের ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com