চট্টগ্রামে দুই সরকারি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, গ্রেপ্তার ৫

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরের ষোলশহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম ওরফে জনি (২৮), ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন (৪৬), পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সংগঠক মো. মোশাররফ হোসেন ওরফে সুমন (৩৩), ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো. আলী হোসেন (৩৪) এবং পাঁচলাইশ থানা ছাত্রলীগের সংগঠক ইমামুল হক সায়েম (২৮)।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা এলজিইডি কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সিএমপি কমিশনার আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুটি সরকারি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে এলজিইডি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাগুলো ভেঙে গেলেও আগুন ধরেনি। তবে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমায় আগুন জ্বলে ওঠে। প্রায় ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলার পর আগুন নিভে যায়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com