সাংবাদিক বিএম খোরশেদকে হত্যার হুমকির অভিযোগ, ঘিওর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) এর সভাপতি বিএম খোরশেদকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার এক প্রতিবেশীর বিরুদ্ধে । এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঘিওর প্রেসক্লাবের নেতাকর্মীরা ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঘিওর উপজেলার শ্রীবাড়ী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সাংবাদিক বিএম খোরশেদ ।
তার অভিযোগ, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন অসংগতি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে প্রতিবেশী মো. হায়াত আলীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয় । এর জের ধরে তাকে অশালীন ভাষায় গালিগালাজ, মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় । এ ঘটনায় তিনি ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ।
ঘিওর প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়, একজন সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক । মতবিরোধের কারণে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণনাশের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় । একই সঙ্গে সাংবাদিক বিএম খোরশেদ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায় সংগঠনটি । তা নাহলে দফায় দফায় সাংবাদিকবন্ধন ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় ।
প্রেসক্লাবের নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি ও হুমকির বিরুদ্ধে সংগঠন সবসময় ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকবে ।