লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৪

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

​শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার দক্ষিণ হাজারি এলাকার বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আল মামুন পরিবহনের একটি অটোরিকশা যাত্র নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খাতাপাড়া মাজার এলাকার সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু হাবিবুরের মৃত্যু হয়।

​দুর্ঘটনায় গুরুতর আহত অপর চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন—লালমনিরহাট সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০), বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)। ​এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com