ক্ষেতলালে অস্ত্র ও মাদকসহ মুকুল গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, সরঞ্জাম ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মামুনুর রশিদ মুকুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা বজরবরাহী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ক্ষেতলাল থানা-পুলিশ। আটক মুকুল ওই গ্রামের মনসুর আলীর ছেলে।
পুলিশ জানায়, মুকুলের পুকুরপাড়ে অবস্থিত টিনের তৈরি একচালা ঘরে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ঘরটি থেকে রামদা, চাপাতি, সামুরাই, ছুরি ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে পুলিশ।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। শনিবার সকালে আটক মুকুলকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।