নাটোরের লালপুরে হেরোইনসহ আব্দুল করিম ওরফে কল্লা আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ২ গ্রাম হেরোইনসহ আব্দুল করিম ওরফে কল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুল করিমের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক আব্দুল করিম মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আসমত আলী সরকারের ছেলে।
পুলিশের দেওয়া তথ্যমতে, তার বিরুদ্ধে পূর্বে আরও অর্ধডজন মাদকসংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কথা রয়েছে।