সন্তানের জীবন বাঁচাতে মায়ের বুকফাটা কান্না, অর্থের অভাবে থমকে আছে কালামের চিকিৎসা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সন্তানের মুখের দিকে তাকিয়ে অঝোরে কাঁদছেন মা। চোখের পানি মুছতে মুছতে একটাই আকুতি—‘আমার সন্তানকে বাঁচান, আমি আমার ছেলেকে হারাতে চাই না।’ একজন মায়ের এমন আকুতি হয়তো পাথরের হৃদয়কেও কাঁদাবে। অথচ সামান্য অর্থের অভাবে থমকে আছে তাঁর সন্তানের বেঁচে থাকার লড়াই।

ব্রেন টিউমারে আক্রান্ত কালাম হোসেন। প্রতিনিয়ত অসুস্থতার সঙ্গে লড়ছেন তিনি। বাঁচার স্বপ্ন দেখেন, আবারও সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসতে চান। কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের অভাব।

কালাম হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। যাঁর উপার্জনে চলত পুরো সংসার, আজ সেই মানুষটিই নিজের চিকিৎসার জন্য অন্যের সহযোগিতার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত আবুল কালাম। অনেক কষ্টে ধারদেনা ও বিভিন্নভাবে টাকা জোগাড় করে তাঁর মাথার পানি অপারেশন করানো হয়েছে। কিন্তু এখনো বাকি রয়েছে ব্রেন টিউমারের মূল অপারেশন। চিকিৎসকেরা জানিয়েছেন, এই অপারেশন করাতে প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা।

কিন্তু কোথায় পাবেন এত টাকা? যে মানুষটি পরিবারের সবার মুখে খাবার তুলে দিতেন, আজ তাঁর চিকিৎসার খরচ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে পরিবারটি। অর্থের অভাবে প্রয়োজনীয় অপারেশন করাতে না পেরে প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তা আর গভীর উৎকণ্ঠায়।

একজন মা হয়তো নিজের সব কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু সন্তানের যন্ত্রণা সহ্য করা যে কতটা কঠিন, তা কেবল একজন মায়ের বুকই জানে। চোখের সামনে সন্তানকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা, অথচ অর্থের অভাবে চিকিৎসার ব্যবস্থা করতে না পারা—এর চেয়ে বড় অসহায়ত্ব আর কী হতে পারে!

আজ কালামের প্রয়োজন মানুষের একটু সহানুভূতি, একটু সহযোগিতা। হয়তো কারও কাছে ১০০ টাকা, কারও কাছে ৫০০ টাকা খুব সামান্য। কিন্তু এমন অসংখ্য মানুষের ছোট ছোট সহযোগিতাই হতে পারে তাঁর অপারেশনের জন্য প্রয়োজনীয় ৩ লাখ টাকা জোগাড়ের অবলম্বন।

সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, প্রবাসী ভাইবোনসহ মানবিক হৃদয়ের সবার কাছে আকুল আবেদন—আসুন, অসহায় আবুল কালামের পাশে দাঁড়াই। অর্থের অভাবে যেন একজন মানুষের চিকিৎসার সুযোগ থেমে না যায়। যেন কোনো মাকে সন্তানের জন্য এভাবে কাঁদতে না হয়।

আপনার একটু সহযোগিতা হয়তো কালামের জীবনে নতুন আশার আলো হয়ে আসবে। একটি পরিবারের মুখে ফিরিয়ে দিতে পারে হাসি। মায়ের চোখের পানি মুছে দিতে পারে আপনার মানবিক হাত।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com