কালাইয়ে দিনব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত: বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে সেবা পেলেন রোগীরা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের কালাইয়ে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী ‘স্বাস্থ্য মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ০৭ নভেম্বর উপজেলার পুনট হাইস্কুল মাঠে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর্থ রুট সোসাইটি’ (ইআরএস)-এর উদ্যোগে এ স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে এলাকার প্রায় তিন হাজার প্রান্তিক ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

মেলায় বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা সরাসরি রোগীদের সেবা দেন। চিকিৎসা কার্যক্রমে অংশ নেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শাহীন রেজা; চর্ম, মেডিসিন ও ডায়াবেটিস অভিজ্ঞ ডা. মো. মুশফিকুর রহমান; গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. শারমিন আক্তার জুঁই; চক্ষু বিশেষজ্ঞ ও আবাসিক সার্জন ডা. মো. শফিউল্লাহ পলিন; শিশু রোগ অভিজ্ঞ ডা. মো. তারিক হাসান; গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব অভিজ্ঞ ডা. মৌমিতা রহমান মিমি এবং সহকারী সার্জন ডা. সাজেদুর রহমান মিলন।

আর্থ রুট সোসাইটি কালাই উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সচিব নিজাম এম রহমান, সাংগঠনিক সচিব ফুয়াদ সাকী, যুক্তরাষ্ট্র প্রবাসী রুহেল ইসলাম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মান্নান ফকির, প্যানেল চেয়ারম্যান মোর্শেদুল আলম এবং পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলাই এই মেলার মূল উদ্দেশ্য।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com