বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

সঞ্জু বনিক সৌরভ | জেলা প্রতিনিধি, পঞ্চগড় 

পঞ্চগড় | ৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশের মাটিতে নতুন করে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে এবং প্রায় ৪০ হাজার ছাত্র-জনতা ও শ্রমিককে পঙ্গু করেছে। এত বড় ঘটনার পরও তাদের মধ্যে ন্যূনতম আত্মশুদ্ধি বা পরিবর্তন দেখা যায়নি। বরং তারা আবারও ক্ষমতায় ফিরে এসে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার দিবাস্বপ্ন দেখছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে যেন নতুন করে কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে পদ্মা সেতু নির্মাণ করা হবে, যা ইতোমধ্যে একনেকে পাস হয়েছে। পাশাপাশি তিস্তা ব্যারেজ নিয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেখানে কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে চিন্তা-চেতনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com