নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবার, একজনের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে অনুমোদনহীন নকল সার ও কীটনাশক উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।

অভিযান সূত্রে জানা গেছে, শিবগঞ্জ গ্রামের মৃত. মোতার হোসেনের দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন পৃথকভাবে একই নামের ‘এস ডি এগ্রোভেট’ নামে দুটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। এসব প্রতিষ্ঠানে অনুমোদনহীন সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাতের অভিযোগে অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক শাহিনুর আলম উপস্থিত না থাকায় তাঁর স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইন, ২০১৮-এর ৩১(১) ধারায় দুই ধারায় মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, একই নামে আরেকটি প্রতিষ্ঠান পরিচালনার দায়ে তাঁর ভাই দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, প্রতিষ্ঠান দুটির বরুণ ও জৈব সার উৎপাদনের অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা নিধনের চক তৈরির বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া অনুমোদিত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা এবং কৃষি উৎপাদনের সম্ভাব্য ক্ষতি রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com