৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পুলিশ সুপার আমিনুল ইসলামের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। এ দিবসের মূল শিক্ষা হচ্ছে জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার চেতনা ধারণ করা।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে দেশ ও জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের জানমাল এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পুলিশ সুপার বলেন, একটি দক্ষ, সুসংগঠিত ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বিকল্প নেই। পুলিশ সদস্যদের কল্যাণ এবং দায়িত্ব পালনের উপযোগী ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার।
এছাড়াও ডিআইও-১, ডিএসবি, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), কুষ্টিয়া পুলিশ লাইন্সের কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ক্যাম্প ও পুলিশ ফাঁড়ির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ বাহিনীর সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।