নভেম্বরের মধ্যে সিজেকেএস নির্বাচন, কাউন্সিলর মনোনয়নে ক্লাবগুলোকে ১৫ দিনের সময় দেবে অ্যাডহক কমিটি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠায় নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিচ্ছে অ্যাডহক কমিটি। সংস্থার অনুমোদিত ৮০টি ক্লাবের মধ্যে ৭৭টি ক্লাবকে নিয়ে কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। কাউন্সিলরশিপ ও অভ্যন্তরীণ কমিটি নিয়ে জটিলতায় থাকা ক্লাবগুলোর সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছে।
আগামী সপ্তাহে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে কাউন্সিলর মনোনয়নের জন্য আনুষ্ঠানিকভাবে ১৫ দিন সময় দেওয়া হবে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্দেশনা অনুযায়ী নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে অ্যাডহক কমিটি।
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. সালাহ উদ্দিন। তিনি বলেন, ক্লাবগুলোর কাউন্সিলরশিপ সংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করে দ্রুত নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য।
সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আবদুল বারী, সিজেকেএস অ্যাডমিনিস্ট্রেটর সৈয়দ সারোয়ার আলম এবং সহকারী অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ আমির হোসেন।
৭৭ ক্লাব নিয়ে নির্বাচনী কার্যক্রম
মতবিনিময় সভায় জানানো হয়, সিজেকেএসের অনুমোদিত ৮০টি ক্লাবের মধ্যে নিয়মিত কার্যক্রমে না থাকায় তিনটি ক্লাব—চট্টগ্রাম ক্লাব লিমিটেড, আমিন জুট মিল ও হাফিজ জুট মিলকে আপাতত কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। বাকি ৭৭টি ক্লাবকে নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে কয়েকটি ক্লাবের কাউন্সিলরশিপ ও অভ্যন্তরীণ কমিটি নিয়ে জটিলতা রয়েছে। এ তালিকায় রয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব ব্লুজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), চট্টগ্রাম সিটি করপোরেশন (গ্রিন), গোসাইডাঙ্গা যুবক গোষ্ঠী, স্টার ক্লাব, মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাব ও আগ্রাবাদ কমরেড ক্লাব।
সদস্য সচিব সালাহ উদ্দিন জানান, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব ব্লুজের দ্বৈত কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনায় সমাধান না হলে বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), চট্টগ্রামের কাউন্সিলরশিপ নিয়ে সৃষ্ট সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে। স্টার ক্লাবের অভ্যন্তরীণ জটিলতা নিরসনের মাধ্যমে কাউন্সিলর মনোনয়নের বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন (গ্রিন)-এর কাউন্সিলরশিপ সংক্রান্ত জটিলতারও সমাধান হয়েছে।
অন্যদিকে, আগ্রাবাদ কমরেড ক্লাব, গোসাইডাঙ্গা যুবক গোষ্ঠী ও মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। মুক্তকণ্ঠ ক্লাবের কাউন্সিলরশিপের ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তও বিবেচনায় রাখা হচ্ছে।
কাউন্সিলর তালিকা অনুমোদনের পর নির্বাচন কমিশনে হস্তান্তর
সালাহ উদ্দিন আরও জানান, আগামী সপ্তাহে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে আনুষ্ঠানিকভাবে ১৫ দিন সময় দিয়ে কাউন্সিলর মনোনয়নের প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেওয়া হবে। ক্লাবগুলোর মনোনীত কাউন্সিলরদের তালিকা অ্যাডহক কমিটির সভায় যাচাই-বাছাই ও অনুমোদনের পর সাধারণ পরিষদ গঠন করা হবে। এরপর অনুমোদিত কাউন্সিলরদের তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হবে।
নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী তফসিল ঘোষণা করবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। কমিশনের দায়িত্ব গ্রহণের পর ২১ থেকে ৩১ দিনের মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।
অ্যাডহক কমিটির মেয়াদ শেষ ২৭ নভেম্বর
জাতীয় ক্রীড়া পরিষদ গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া নির্দেশনায় অক্টোবরের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা এবং নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দিয়েছে। বর্তমান অ্যাডহক কমিটির মেয়াদও আগামী ২৭ নভেম্বর শেষ হওয়ার কথা। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে কাউন্সিলর মনোনয়ন ও ক্লাবগুলোর সাংগঠনিক জটিলতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
১১ উপজেলার তথ্য পাওয়া গেছে
সভায় উপজেলা পর্যায়ের ক্রীড়া সংগঠন নিয়েও অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে ১১টি উপজেলার সাধারণ সম্পাদকের নাম ও কমিটিসংক্রান্ত তথ্য পাওয়া গেছে। বাকি চারটি উপজেলা—রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, বাঁশখালী ও সন্দ্বীপের তথ্য এখনো পাওয়া যায়নি। উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম আরও সংগঠিত করতে এসব তথ্য সংগ্রহের কাজ চলছে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ২০২৬ সিজেকেএসের অ্যাডহক কমিটি অনুমোদিত হয়। ৩ মে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে ১৫টি উপজেলার ক্রীড়া সংগঠন ও কমিটিসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ২৩ মে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়। এ ছাড়া গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত অ্যাডহক কমিটির সভায় ক্লাবগুলোর কাউন্সিলর মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে সিজেকেএসে নির্বাচিত নেতৃত্ব না থাকায় চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে সাংগঠনিক স্থবিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে সংস্থার নিয়মিত কার্যক্রমে গতি ফেরাতে দ্রুত নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছে অ্যাডহক কমিটি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ক্লাবগুলোর কাউন্সিলরশিপ সংক্রান্ত জটিলতা নিরসন করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হলে সিজেকেএসে নির্বাচিত নেতৃত্ব ফিরে আসবে এবং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন গতিশীলতা সৃষ্টি হবে।