সাতক্ষীরায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, অভিভাবকের মারধর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়েরের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থীর অভিভাবক অভিযুক্ত শিক্ষককে মারধর করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, এর আগেও প্রাইভেট পড়ানোর সময় ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের আচরণের একাধিক অভিযোগ উঠেছিল। তবে আগের অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

স্থানীয় সূত্র জানায়, সর্বশেষ ঘটনার পর শিক্ষার্থীর অভিভাবক ক্ষুব্ধ হয়ে শিক্ষক আবুল খায়েরকে মারধর করেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ রেখেছেন বলে জানা গেছে। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিনুর রহমান মুকুল বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ আমাকে কিছু জানায়নি। তবে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ না করায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। 

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব। বিশেষ করে শিশু শিক্ষার্থীর প্রতি যৌন হয়রানির অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা জরুরি। স্থানীয় সচেতন মহল অভিযোগের সুষ্ঠু তদন্ত, শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com