জিয়ার সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে রাউজান বিএনপির বহরে হামলা, আহত অন্তত ১৫
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে ফেরার পথে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীদের বহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সমাধি সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ৬০০ থেকে ৭০০ নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে ফেরার পথে সমাধির গেটের সামনে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। এতে বহরে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক রাসেল, উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির, পৌরসভা জাসাসের সভাপতি তারিকুল ইসলাম তারেক, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোহাম্মদ ফারুক, কদলপুর ইউনিয়ন জাসাসের সভাপতি মো. সালাউদ্দিন, বাগোয়ান ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ এবং গহিরা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমানসহ আরও অনেকে।
এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। এক বিবৃতিতে তিনি বলেন, গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি পালন শেষে ফেরার পথে নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অন্যদিকে, এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী এবং পৌরসভা বিএনপির সভাপতি আবু মোহাম্মদ। বিবৃতিতে তাঁরা দাবি করেন, এ ধরনের হামলার মাধ্যমে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা চলছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
আরও পড়ুন
ইরান সংকটে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা, মস্কো–তেহরান সম্পর্কে নতুন সমীকরণ
সুদানের নীল নীল অঞ্চলে সংঘাতের বিস্তার, ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি ও সালি শহরের নিয়ন্ত্রণ হারাল সেনাবাহিনী
জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি