প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন গ্রাম পুলিশ জামশেদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি 

ঢাকায় সমাবেশস্থলের প্রবেশপথে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা

রংপুরের বদরগঞ্জ থেকে প্রধানমন্ত্রীর ডাকে গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় এসে প্রাণ হারালেন জামশেদ আলী (৪৮) নামে এক গ্রাম পুলিশ সদস্য। 

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জামশেদ আলী বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের দফাদার হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।

নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁদের মধ্যে ছিলেন জামশেদ আলীও।

শনিবার সকালে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তাঁরা জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের অপেক্ষায় ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জামশেদ। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করেন।

পরে তাঁকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ডাকে আয়োজিত মহাসমাবেশে অংশ নিতে গিয়ে জামশেদ আলীর এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com