নিরাপত্তার চাদরেও ফাঁদ: জয়পুরহাটে ‘ইত্যাদি’র শুটিংয়ে দুই শতাধিক মোবাইল চুরি, আটক ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
কড়া পুলিশি নজরদারি ও স্বেচ্ছাসেবকদের কড়া বেষ্টনী ভেদ করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণস্থল থেকে অন্তত দুই শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
শনিবার ৭ নভেম্বর রাতে জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সংকেতের উপস্থাপনায় অনুষ্ঠানটির চিত্রায়ণ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার দর্শকের ভিড় জমে। নিরাপত্তা নিশ্চিত করতে আড়াই শতাধিক পুলিশ সদস্য, গোয়েন্দা সংস্থা ও দেড় শতাধিক স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল। কিন্তু উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ পকেটমার চক্র দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন হাতিয়ে নেয়।
অনুষ্ঠান শেষে মোবাইল হারানোর বিষয়টি প্রকাশ পেলে অনুষ্ঠানস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ দিয়েছেন। তবে চুরি হওয়া মোট ফোনের সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে এক ব্যক্তিকে মোবাইল ও টাকাসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।
আটক রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পাওয়ার পর আটক ব্যক্তিসহ পুরো চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।