পীরগঞ্জে পুলিশের অভিযানে ৯২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে পীরগঞ্জ উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের ইকলিমপুর মৌজার চতরা বাজারের সরকার মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় পীরগঞ্জ থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— পীরগঞ্জ উপজেলার ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের মাদারহাট (জুম্মাপাড়া) এলাকার মো. হাফিজার রহমানের ছেলে মো. মিজানুর রহমান ওরফে মিজান (৩৫) এবং একই ইউনিয়নের মাদারহাট (মধ্যপাড়া) এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মশিউর রহমান (২৩)।
পুলিশ জানায়, আটক মিজানুর রহমানের কাছ থেকে ৫২ পিস এবং মশিউর রহমানের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করে আটক দুজনকে পীরগঞ্জ থানায় নেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১১/৩৮৫, তারিখ ৭ নভেম্বর ২০২৬।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।