মিঠাপুকুরে অভিযান চালিয়ে ডালিম চন্দ্র রায়কে গ্রেফতার করেছে এসআরবি-১৩

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি: 

রংপুরের বদরগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ডালিম চন্দ্র রায়কে (২৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শনিবার (৭ নভেম্বর) রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার গড়েরমাথা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডালিম চন্দ্র রায় বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী পূর্বপাড়া এলাকার নৃপেন চন্দ্র রায়ের ছেলে। তিনি এ মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।

রোববার (৮ নভেম্বর) এসআরবি-১৩-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ডালিম আগে থেকেই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে তার বাবা-মা অভিযুক্তকে একাধিকবার নিষেধ করলেও কোনো প্রতিকার পাননি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা-মা দুই মেয়েকে তাঁদের মুদি দোকানে রেখে একটি দাওয়াতে যান। এ সুযোগে অভিযুক্ত ডালিম দোকানে গিয়ে ভুক্তভোগীর ছোট বোনকে টাকা দিয়ে দোকানের বাইরে পাঠিয়ে দেন। পরে দোকানের ভেতরে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে তাঁর দাদির বাড়িতে নিয়ে যান। তবে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৬।

এসআরবি-১৩ জানায়, মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল মিঠাপুকুর উপজেলার গড়েরমাথা এলাকায় অভিযান চালিয়ে ডালিম চন্দ্র রায়কে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে এ তথ্য নিশ্চিত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com