দারিদ্র্যের নতুন বাস্তবতা: প্রবৃদ্ধির আড়ালে মানুষের বেঁচে থাকার লড়াই

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

বাংলাদেশের উন্নয়নযাত্রায় দারিদ্র্য বিমোচন একসময় ছিল সবচেয়ে গর্বের অর্জনগুলোর একটি। অর্থনৈতিক প্রবৃদ্ধি, তৈরি পোশাকশিল্পের সম্প্রসারণ, প্রবাসী আয়, কৃষির উৎপাদন বৃদ্ধি এবং সামাজিক সূচকের উন্নতির মধ্য দিয়ে লাখো মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছিল। কিন্তু সেই অর্জনের ধারাবাহিকতা এখন প্রশ্নের মুখে। উন্নয়নের পরিসংখ্যান যতই আশাব্যঞ্জক হোক, সাধারণ মানুষের জীবনযাপনের বাস্তবতা অনেক ক্ষেত্রে ভিন্ন কথা বলছে। মানুষের আয় বাড়ার চেয়ে ব্যয় বাড়ছে বেশি, কর্মসংস্থানের নিশ্চয়তা কমছে, আর সামান্য একটি বিপর্যয়েই অনেক পরিবার আবার দারিদ্র্যের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক মূল্যায়ন বাংলাদেশের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে। ২০২৫ সালে জাতীয় দারিদ্র্যের হার বেড়ে ২১ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে, যা ২০২২ সালে ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। বিশ্বব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের মূল্যায়নেও অর্থনৈতিক শ্লথগতি, উচ্চ মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের দুর্বলতাকে দারিদ্র্য বৃদ্ধির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার সামান্য ওপরে অবস্থান করছে, যাদের জীবন যেকোনো আকস্মিক বিপর্যয়ে আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। অর্থাৎ দারিদ্র্য এখন শুধু একটি শ্রেণির সমস্যা নয়; এটি সমাজের বিস্তৃত জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি।

দারিদ্র্য শুধু আয় কম হওয়ার নাম নয়

দারিদ্র্যকে আমরা সাধারণত আয়, খাদ্য ও মৌলিক চাহিদা পূরণের অক্ষমতা দিয়ে পরিমাপ করি। কিন্তু বাস্তব জীবনে দারিদ্র্যের বিস্তার আরও গভীর এবং বহুমাত্রিক। একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করলে কিংবা জটিল রোগে আক্রান্ত হলে সেই পরিবারের অর্থনৈতিক ভিত্তি মুহূর্তেই ভেঙে পড়তে পারে। দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয় মেটাতে জমিজমা বিক্রি, ঋণগ্রস্ত হওয়া কিংবা সন্তানের পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা গ্রামীণ সমাজে বিরল নয়।

আবার সামাজিক ও পারিবারিক বাস্তবতার কারণে অনেক পরিবার প্রয়োজনের তুলনায় বেশি সন্তান গ্রহণ করে। বিশেষ করে পুত্রসন্তানের প্রত্যাশা, কুসংস্কার এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতার অভাব দারিদ্র্যের চক্রকে দীর্ঘায়িত করে। অধিক সন্তান মানেই শুধু পরিবারের ব্যয় বৃদ্ধি নয়; সীমিত সম্পদে শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সক্ষমতাও কমে যাওয়া।

ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে যাওয়ার স্বপ্নও অনেক দরিদ্র পরিবারের জন্য নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। জমি বিক্রি করে, সুদে ঋণ নিয়ে কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা ধার করে অনেকে দালালচক্রের হাতে তুলে দেন বিপুল অর্থ। কেউ বিদেশে যেতে পারেন না, কেউ প্রতারণার শিকার হন, আবার কেউ কোনো রকমে বিদেশে পৌঁছেও অবৈধ অবস্থান, কাজের অনিশ্চয়তা ও আইনি জটিলতায় আটকে পড়েন। স্বপ্ন পূরণের পরিবর্তে তাঁদের পরিবারের ঘাড়ে চাপে ঋণের বোঝা। দেশে ফিরে আসার পথও অনেক সময় বন্ধ হয়ে যায়। এভাবে অভিবাসনের আকাঙ্ক্ষাও কোনো কোনো পরিবারের জন্য দারিদ্র্যের নতুন ফাঁদ তৈরি করছে।

মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকট

বর্তমান দারিদ্র্য বৃদ্ধির অন্যতম বড় কারণ উচ্চ মূল্যস্ফীতি। চাল, ডাল, তেল, মাছ, মাংস, শাকসবজি, ওষুধ, বাসাভাড়া ও পরিবহন—প্রায় প্রতিটি খাতের ব্যয় সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। উচ্চবিত্ত পরিবার খরচ কমিয়ে কিংবা সঞ্চয় ভেঙে পরিস্থিতি সামাল দিতে পারে। কিন্তু নিম্ন আয়ের মানুষের কাছে সঞ্চয় বলতে অনেক সময় কিছুই থাকে না।

একজন শ্রমজীবী মানুষকে যখন আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হয়, তখন প্রথমে কমে খাবারের পরিমাণ ও পুষ্টিমান, পরে চিকিৎসা এবং সন্তানের শিক্ষার ব্যয়। অনেক পরিবার বাধ্য হয়ে ঋণ নেয়। ফলে আজকের বাজারদরের চাপ আগামী দিনের আর্থিক সংকটেও রূপ নেয়।

এর সঙ্গে যুক্ত হয়েছে কর্মসংস্থানের দুর্বলতা। দেশে বিপুলসংখ্যক মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। তাঁদের চাকরির নিশ্চয়তা নেই, নিয়মিত বেতন নেই, নেই পর্যাপ্ত সামাজিক সুরক্ষা। বেসরকারি বিনিয়োগের দুর্বলতা এবং শিল্প ও উৎপাদন খাতে প্রত্যাশিত কর্মসংস্থান তৈরি না হওয়ায় তরুণদের একটি বড় অংশ উপযুক্ত কাজ পাচ্ছে না। শুধু কর্মসংস্থান সৃষ্টি করলেই হবে না, কর্মসংস্থানের মান, মজুরি এবং নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

রবীন্দ্রনাথের পল্লিচিন্তা এবং আজকের বাংলাদেশ

গ্রামীণ দারিদ্র্যের প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লি উন্নয়ন ভাবনা বিশেষভাবে স্মরণযোগ্য। জমিদারি পরিচালনার সূত্রে তিনি বাংলাদেশের শিলাইদহ, শাহজাদপুর ও পতিসরে কৃষকসমাজের জীবন খুব কাছ থেকে দেখেছিলেন। তাঁদের দারিদ্র্য, ঋণগ্রস্ততা এবং অসহায়ত্ব তাঁকে গভীরভাবে ভাবিয়েছিল।

রবীন্দ্রনাথ শুধু সাহিত্য রচনা করে মানুষের দুঃখের কথা বলেননি; বাস্তবেও গ্রামীণ অর্থনীতি পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন। পতিসরে কৃষকদের ঋণের দুষ্টচক্র থেকে বের করে আনতে তিনি কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। নোবেল পুরস্কার থেকে পাওয়া অর্থের একটি বড় অংশ এই ব্যাংকের মূলধন হিসেবে জমা দেন, যাতে কৃষকেরা সহজ শর্তে ঋণ পেতে পারেন। তাঁর লক্ষ্য ছিল দাননির্ভরতা নয়, কৃষকের উৎপাদনক্ষমতা ও আত্মনির্ভরতা তৈরি করা।

রবীন্দ্রনাথের এই উদ্যোগের মধ্যে আজও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। দরিদ্র মানুষকে সাময়িক সাহায্য দিয়ে বাঁচিয়ে রাখা আর তাঁকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দেওয়া এক বিষয় নয়। দারিদ্র্য বিমোচনের কার্যকর দর্শন হতে হবে দ্বিতীয়টি। কৃষকের উৎপাদনের ন্যায্য মূল্য, সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ, কৃষিপণ্যের বাজারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনীতির বিকাশ ছাড়া গ্রামীণ দারিদ্র্যের স্থায়ী সমাধান সম্ভব নয়।

সামাজিক সুরক্ষা কেন কার্যকর হচ্ছে না?

বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বেড়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, খাদ্যসহায়তা ও বিভিন্ন উন্নয়ন কর্মসূচি চালু রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাঁদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, তাঁরা কি যথাযথভাবে সেই সুবিধা পাচ্ছেন?

বিশ্বব্যাংকের মূল্যায়নে সামাজিক সহায়তা বণ্টনে লক্ষ্যভ্রষ্টতার বিষয়টি উঠে এসেছে। দরিদ্র জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সচ্ছল পরিবারের কিছু অংশও সুবিধা পাচ্ছে। অর্থাৎ বাজেটে বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয়; সঠিক মানুষের কাছে সহায়তা পৌঁছানোই আসল সাফল্য।

এ জন্য জাতীয় পর্যায়ে নির্ভরযোগ্য উপকারভোগী তথ্যভান্ডার, স্বচ্ছ নির্বাচনপ্রক্রিয়া, রাজনৈতিক প্রভাবমুক্ত বণ্টন এবং কার্যকর অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি অসুস্থতা, দুর্ঘটনা, বেকারত্ব ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো পরিবার যেন এক ধাক্কায় নিঃস্ব হয়ে না যায়, সে জন্য সামাজিক বিমা ও স্বাস্থ্য সুরক্ষার পরিধি বাড়াতে হবে।

উন্নয়নের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করতে হবে

দারিদ্র্য বিমোচনের সঙ্গে রাষ্ট্রের অর্থনৈতিক নীতির সরাসরি সম্পর্ক রয়েছে। উন্নয়ন মানে শুধু বড় সেতু, মহাসড়ক, বিদ্যুৎকেন্দ্র কিংবা মেগা প্রকল্প নয়। এসব অবকাঠামো অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু সেই উন্নয়নের সুফল যদি একজন কৃষকের ন্যায্য আয়, একজন শ্রমিকের নিরাপদ কর্মসংস্থান, একজন মায়ের চিকিৎসা এবং একটি শিশুর মানসম্মত শিক্ষায় প্রতিফলিত না হয়, তাহলে উন্নয়নের সামাজিক ভিত্তি দুর্বল থেকে যায়।

করব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠা, বাজারে সিন্ডিকেট ও অস্বাভাবিক মুনাফার প্রবণতা নিয়ন্ত্রণ, উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও গ্রামীণ ক্ষুদ্রশিল্পকে নতুন কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দারিদ্র্য বিমোচনকে বিচ্ছিন্ন কিছু প্রকল্পের বিষয় না ভেবে রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক নীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা। দারিদ্র্য সৃষ্টি হওয়ার পর সহায়তা দেওয়ার চেয়ে মানুষকে দারিদ্র্যে পতিত হওয়া থেকে রক্ষা করা অনেক বেশি কার্যকর ও মানবিক।

বাংলাদেশের সামনে এখন প্রশ্নটি শুধু কত শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে, তা নয়; প্রশ্ন হলো, কতসংখ্যক মানুষ যেকোনো মুহূর্তে সেখানে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। যে পরিবার বছরের পর বছর পরিশ্রম করে সামান্য সচ্ছলতা অর্জন করেছে, একটি দুর্ঘটনা, একটি জটিল রোগ, একটি বন্যা কিংবা একটি প্রতারণার ঘটনায় যদি আবার নিঃস্ব হয়ে যায়, তাহলে সেই উন্নয়নকে কতটা টেকসই বলা যায়?

রবীন্দ্রনাথ পতিসরের কৃষকের দুঃখ দেখে তাঁদের আত্মনির্ভরতার পথ তৈরির চেষ্টা করেছিলেন। আজকের রাষ্ট্রেরও সেই মানবিক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। মানুষের হাতে শুধু সাহায্য নয়, কাজের সুযোগ দিতে হবে; শুধু ঋণ নয়, উৎপাদনের সক্ষমতা তৈরি করতে হবে; শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয়, বিপর্যয়ের সময় বেঁচে থাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মনে রাখতে হবে, দারিদ্র্য বিমোচনের প্রকৃত সাফল্য মানুষকে একবার দারিদ্র্যসীমার ওপরে তুলে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এমন সক্ষমতা ও নিরাপত্তা তৈরি করা, যাতে কোনো অসুস্থতা, দুর্ঘটনা, কর্মহীনতা কিংবা অর্থনৈতিক ধাক্কা তাকে আবার সেই অন্ধকারে ফিরিয়ে নিতে না পারে। উন্নয়ন তখনই সার্থক হবে, যখন রাষ্ট্রের প্রবৃদ্ধির সুফল মানুষের জীবনে স্বস্তি, মর্যাদা ও নিরাপত্তা হয়ে ধরা দেবে।

লেখক: মোহাম্মদ হাসান, সাংবাদিক ও কলামিস্ট।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com