পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে হত্যাচেষ্টার অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক প্রতিবাদ বার্তায় বলা হয়, পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারের ওপর এ ধরনের হামলার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কাউকে হামলা, নির্যাতন কিংবা হত্যার হুমকি দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়।
প্রতিবাদ বার্তায় আরও অভিযোগ করা হয়, উখিয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা ও নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামীপ্রীতির অভিযোগ থেকে বেরিয়ে এসে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সংগঠনটির নেতারা বলেন, একজন রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। নুরুল আমিন মেম্বারের ওপর হত্যাচেষ্টার অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে হবে।
একই সঙ্গে ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।