সমবায়ের শক্তিতে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বানে মানিকগঞ্জে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে মানিকগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে ।

‘সমবায়ে সমৃদ্ধি, টেকসই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি সরকারি সমন্বিত ভবন চত্বরে গিয়ে শেষ হয় । পরে ভবনের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।

জেলা সমবায় কর্মকর্তা প্রকৌশলী ফারহানা ফেরদৌসীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় । এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা ।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ আরো অনেকে ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । এ সম্ভাবনাকে কাজে লাগাতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করতে হবে । এ জন্য সমবায়ীদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা ।

জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সমবায় কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, সমবায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com