ঘিওরে উদ্বোধনের আগেই শত অভিভাবকের আগ্রহ ‘তাকওয়া ইন্টারন্যাশনাল মডেল স্কুলে’

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়ে মানসম্মত পাঠদানের প্রত্যয় নিয়ে মানিকগঞ্জের ঘিওরে প্রতিষ্ঠিত হয়েছে ‘তাকওয়া ইন্টারন্যাশনাল মডেল স্কুল’। ২০২৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হবে শিগগিরই । তবে উদ্বোধনের আগেই সন্তানদের ভর্তি করাতে আগ্রহ দেখিয়েছেন শত অভিভাবকেরা ।

প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদানের পরিকল্পনা রয়েছে বিদ্যালয়টির। সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি, বাংলা ও ইংরেজি ভার্সনে পাঠদানের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে । পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য ।

ঘিওর থানা-সংলগ্ন সিনেমা হল মোড়ে ইয়াকুব আলী ভবনের দ্বিতীয় তলার পুরো ফ্লোরে ছয়টি শ্রেণিকক্ষে পরিচালিত হবে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম । প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে বাছাই করা মেধাবী শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

আগ্রহী অভিভাবকদের কয়েকজন জানান, তারা সন্তানদের শুধু উচ্চ শিক্ষিত নয়, একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চান । এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন । বিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিক্ষকমণ্ডলীর সঙ্গে কথা বলেই সন্তানদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন তারা ।

বিদ্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ ইমরান হুসাইন বলেন, সাধারণ বিষয়ের পাশাপাশি আরবি, বাংলা ও ইংরেজি ভার্সনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে । অভিভাবকেরা তাদের পছন্দ অনুযায়ী সন্তানদের নির্দিষ্ট ভাষা ও শিক্ষাধারায় দক্ষ করে তোলার সুযোগ পাবেন ।

প্রধান শিক্ষক রবিন শেখ বলেন, ২০২৫ সালের মাধ্যমিক বৃত্তি পরীক্ষায় তাঁর নেতৃত্বাধীন আগের প্রতিষ্ঠানের ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১o জন ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ বৃত্তি পেয়েছিল । ঘিওর উপজেলায় ওই ফলাফল সর্বোচ্চ বলে দাবি করেন তিনি । নতুন প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।

বিদ্যালয়ের শিক্ষা সচিব মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ইলমে দ্বীনের শিক্ষার পাশাপাশি আরবি, বাংলা ও ইংরেজি ভার্সনে পাঠদানের সুযোগ থাকায় অভিভাবকেরা নিজেদের পছন্দ অনুযায়ী সন্তানদের শিক্ষাধারা বেছে নিতে পারবেন ।

বিদ্যালয়ের ভবন মালিক ও প্রধান উপদেষ্টা ইয়াকুব আলী বলেন, মফস্বল এলাকায় ইংলিশ মিডিয়ামসহ বিভিন্ন শিক্ষাধারার সমন্বয়ে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুব বেশি দেখা যায় না । ফলে অভিভাবকদের সন্তানদের উন্নত শিক্ষার জন্য জেলা বা বিভাগীয় শহরে ছুটতে হবে না । উন্নত সুযোগ-সুবিধা ও মানসম্মত পাঠদানের মাধ্যমে বিদ্যালয়টিকে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যাশা তাদের ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com