দোলনচাঁপা হলে চুলার লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম

মোঃ মোফাছসিল খান, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে চুলার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে হলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষের উত্তর-পূর্ব কোণে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের। তিনি জানান, রান্নার সময় হঠাৎ চুলা থেকে আগুন বড় আকার ধারণ করে। আগুন থেকে বাঁচতে দ্রুত সরে যাওয়ার সময় তাঁর ডান হাতে আঘাত লাগে এবং হাতের হাড়ের সন্ধি সরে যায় (ডিসলোকেশন)। পরে তিনি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

প্রায় ১০ মিনিট আগুন জ্বলতে থাকে। পরে হলের আনসার সদস্যদের সমন্বয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পর চুলা মেরামত করতে আসা এক মিস্ত্রি জানান, গ্যাসের মূল চাবিতে লিকেজ ছিল। চুলার বিভিন্ন যন্ত্রাংশ দুর্বল হয়ে পড়ায় গ্যাস বের হচ্ছিল বলে তাঁর ধারণা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি বলেন, গ্যাসের চুলার মেইন চাবি দিয়ে লিকেজ হচ্ছিল। খবর পেয়ে মিস্ত্রি পাঠিয়ে লিকেজ বন্ধ করা হয়েছে।

হল প্রভোস্ট ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা জানান, ঘটনার সময় তিনি ক্যাম্পাসে ছিলেন না। তাই সরাসরি পরিস্থিতি না দেখে নির্ভরযোগ্য তথ্য দেওয়া সম্ভব নয়। তাঁর দাবি, দোলনচাঁপা হলে আগে গ্যাসের ব্যবস্থা ছিল না। ডাইনিং পরিচালনা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শিক্ষার্থীদের জন্য বিকল্প হিসেবে সম্প্রতি গ্যাসের ব্যবস্থা করা হয়। গ্যাসলাইন স্থাপনের এক বছরও হয়নি বলে তিনি উল্লেখ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com