পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত: পরিবেশ রক্ষায় চারা বিতরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
"করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা সুফিয়া নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম।
একটি সমৃদ্ধ দেশ গঠনে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে হবে এবং এর প্রতিটি ধাপে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।"
বক্তারা আরও উল্লেখ করেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় সমিতিগুলোর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী এবং পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি প্রভাষক সাইদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সদস্যের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।