সোনারগাঁওয়ে অব্যবহৃত এতিমখানায় মাদকসেবীদের আড্ডা ,আতঙ্ক ও উদ্বিগ্ন এলাকাবাসী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

সাহাদাৎ হোসেন চৌধুরী শিপনঃ সোনারগাঁও ( নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর এলাকায় অবস্থিত মুজাফফর আলী ফাউন্ডেশন এতিমখানাটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত ভবনটিতে সন্ধ্যার পর প্রতিদিন অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ে। ফলে মহাসড়কের যানবাহন চলাচলের সময় ডাকাতি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের আতংকের আশংঙ্কা করছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগনেরা এলাকাবাসী। এ পরিস্থিতি নিয়ন্ত্রনের পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এতিম শিশুদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হওয়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও দেখা দিয়েছে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য মুজাফফর আলীর উদ্যোগে ১৯৮৪ সালে এতিমখানাটি প্রতিষ্ঠা করেন। একসময় এখানে এতিম শিশুদের থাকা, খাওয়া,পড়াশোনা ও পরিচর্যার ব্যবস্থা ছিল। তবে পরিচালকের মৃত্যুর পর ব্যবস্থাপনায় সংকট, অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং শিশুদের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। একপর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন ও সরকারি ক্যাপিটেশন গ্র্যান্টও বন্ধ হয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে যথাযথ তদারকি না থাবায় ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে । এ সুযোগে স্থানীয় ও বহিরাগত মাদকসেবীরা প্রতিদিন ওই স্থানে আড্ডা জামায়। মাদকবিরোধী অভিযান পরিচালনা ভবনটির নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

পিরোজপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গৃহবধু বলেন, এতিমখানাটি পরিত্যক্ত হয়ে পড়ায় এলাকার বখাটে ছেলেরা বহিরাগতদের নিয়ে সেখানে দিনে রাতে প্রায়ই মাদক সেবনের আড্ডা দেখা যায়। একই সঙ্গে ফাউন্ডেশনের ভেতরে উশৃঙ্খল যুবকদের আনাগোনাও বেড়েছে। এতে এলাকার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর এলাকার দোকানদার সেলিম মিয়া বলেন, পরিত্যক্ত ভবনটিতে সন্ধ্যা হলে অপরিচিত লোকজনের আসা-যাওয়া বেড়ে যায়। ফলে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।

মুজাফফর আলী ফাউন্ডেশনের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, দীর্ঘ ৩৬ বছর ধরে তিনি এ ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানের এতিমদের যাবতীয় ব্যয়ভার এককভাবে বহন করতেন। তিনি মারা যাওয়ার পর সরকারি অনুদান পাওয়া শুরু হয়। এক পর্যায়ে এটাও বন্ধ হয়ে যায়। তবে আফসোসের বিষয়, কালের পরিক্রমায় প্রতিষ্ঠানটি তার অতীত ঐতিহ্য ও জৌলুশ হারিয়েছে। তবে বহিরাগতদের বিষয়ে ভয় ও আতংঙ্কে তিনি কিছু বলতে রাজি হননি।

ফাউন্ডেশনের বাবুর্চি মফিজুল ইসলাম এতিমখানায় তিনি দীর্ঘদিন ধরে বাবুর্চি হিসেবে কর্মরত আছি কিন্তু এতিমখানাটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোন শিক্ষার্থী নাই। এখনো তিনি এখানেই স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। এতিমখানার জমি দেখাশোনাই তার কাজ।

সরেজমিনে দেখা যায় ভবনের অনেক দরজা জানালার বেশ কিছু অংশ খুলে কে বা কাহারা নিয়ে গেছে ,জানালার গ্রিল গুলোতে ধরেছে জং।আশেপাশে ঝোপ জ্গংলে ভরপুর হয়ে আছে । ভেতরের আসবাবপত্র গুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।

মুজাফফর আলী ফাউন্ডেশনের পরিচালক ফারাহ দিপ্তী জানান, তার বাবার নিজ হাতে গড়া ফাউন্ডেশনের অবস্থা দেখে তার রক্তক্ষরণ হয়। এক সময় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল । বর্তমানে মাদক সেবীদের আড্ডার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে উঠে। স্থানীয় তাজুল ইসলাম নামের এক ব্যাক্তি তার ও তার মায়ের স্বাক্ষর জাল করে ফাউন্ডেশনের জমি বিক্রি ও দখল করেছেন। তবে তাজুল ইসলাম মোল্লা বেঁচে নেই। বর্তমানে তার ছেলে দখল করা জমি দেখবাল করেন। ফাউন্ডেশনের বেহাত হওয়া জমি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে মাদক সেবীদের আড্ডার বিষয়ে স্থানীয় কয়েকজনকে দায়ী করেন।

পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, মুজাফফর আলী ফাউন্ডেশন এতিমখানাটিতে মাদকসেবীদের আনাগোনা বেড়েছে। মহাসড়কের পাশে হওয়ায় ভবনটি ঘিরে ডাকাতি, ছিনতাইসহ ছিছকে চোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয় বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে একাধিকবার জানানো হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিস্কার। প্রতিদিন মাদক কারবারী ও সেবী গ্রেপ্তার করা হচ্ছে। পরিত্যক্ত ভবনে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যটি গুরুত্বের সঙ্গে দেখা হবে। খুব দ্রুত বিশেষ অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com