চসিকের বকেয়া গৃহকর ও ট্রেড লাইসেন্স ফির শতভাগ সারচার্জ মওকুফ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান: 

চট্টগ্রাম মহানগরীতে বকেয়া গৃহকর ও ট্রেড লাইসেন্স ফির ওপর শতভাগ সারচার্জ মওকুফের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা গ্রহণ করতে পারবেন নগরীর করদাতা ও ব্যবসায়ীরা।

রোববার (৮ নভেম্বর) চসিকের রাজস্ব বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বকেয়াসহ হালনাগাদ গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করলে সংশ্লিষ্ট করদাতা ও ব্যবসায়ীদের কোনো সারচার্জ দিতে হবে না। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করে এ সুযোগ গ্রহণের জন্য নগরবাসী ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।

চসিক সূত্রে জানানো হয়েছে, নগরবাসীকে সময়মতো কর পরিশোধে উৎসাহিত করা এবং সিটি করপোরেশনের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে পরবর্তী সময়ে সারচার্জ মওকুফের এ সুবিধা পাওয়া যাবে না। তাই ঘোষিত সময়সীমার মধ্যেই বকেয়া গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের আহ্বান জানিয়েছে চসিক।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com