চট্টগ্রাম বন্দরে প্রিন্টিং মেশিনের ঘোষণায় ৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, রাজস্ব ফাঁকির চেষ্টা ৪৬ কোটি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম বন্দরে প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে আনা হয়েছিল ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প ও বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার যৌথ অভিযানে একটি কন্টেইনার থেকে এসব পণ্য জব্দ করা হয়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, এই চালানের মাধ্যমে সরকারের প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ হয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল-৩-এর ব্লক-এ, শপ নম্বর 3C004A ঠিকানার ‘চায়না মার্ট’ নামের একটি প্রতিষ্ঠান চালানটির আমদানিকারক। গত ৯ আগস্ট চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানি-সংক্রান্ত নথিপত্রে পণ্য হিসেবে শুধু ‘প্রিন্টিং মেশিন’ উল্লেখ করা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর সিআইসি ও কাস্টমসের এআইআর শাখার কর্মকর্তারা যৌথভাবে কন্টেইনারটির কায়িক পরীক্ষা করেন। এ সময় ঘোষিত প্রিন্টিং মেশিনের পরিবর্তে কন্টেইনারের ভেতরে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং অভিনব কৌশলে লুকিয়ে রাখা জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা ৪০ লাখ ৮০ হাজার পিস জাল স্ট্যাম্প নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। বর্তমানে বাজারে এ ধরনের এক প্যাকেট সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। এর বিপরীতে সরকার রাজস্ব পায় ১০৬ টাকা ৬০ পয়সা।
কাস্টমসের হিসাব অনুযায়ী, জব্দ করা জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট বাজারজাত করা হলে সরকারের প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতো। এ ছাড়া চালানে থাকা প্রসাধনী সামগ্রী থেকে আরও প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার শুল্ক ফাঁকির তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে চালানটিতে সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ৪৬ কোটি টাকা।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ জানান, এনবিআরের সিআইসি ও কাস্টমসের এআইআর শাখার কর্মকর্তারা যৌথভাবে চালানটি আটক করে কায়িক পরীক্ষা সম্পন্ন করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি শুল্ক-কর ফাঁকি ও অন্যান্য অপরাধের বিস্তারিত উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি-রপ্তানি বাণিজ্যে ভুল ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতকরণ রোধে কাস্টমসের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।