কর্ণফুলী নদীর অবৈধ দখলদারদের তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের, সময় দুই সপ্তাহ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকাসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে জরিপ সম্পন্ন করে সংশ্লিষ্ট প্রতিবেদন আদালতে জমা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) কর্ণফুলী নদী রক্ষায় দায়ের করা জনস্বার্থমূলক রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিহাব উদ্দিন খান।

আদালত সূত্রে জানা গেছে, কর্ণফুলী নদী রক্ষায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা জনস্বার্থমূলক রিটের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৪ নভেম্বর হাইকোর্ট রুল জারির পাশাপাশি কয়েক দফা নির্দেশনা দিয়েছিলেন।

ওই নির্দেশনায় কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত এবং জরিপ প্রতিবেদন তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছিল। একই সঙ্গে জরিপের ফলাফলের ভিত্তিতে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।

তবে হাইকোর্টের ওই নির্দেশনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে কোনো প্রতিবেদন দাখিল করেনি। এ অবস্থায় নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় রিটকারী সংগঠন এইচআরপিবির পক্ষ থেকে আদালতে নতুন করে আবেদন করা হয়।

রোববার শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতকে জানান, ২০২৩ সালে সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকাসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। ফলে কর্ণফুলী নদীতে দখল ও দূষণ অব্যাহত রয়েছে। এর বিরূপ প্রভাব পড়ছে চট্টগ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা ও পরিবেশের ওপর।

শুনানি শেষে আদালত কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ সম্পন্ন করে অবৈধ দখলদারদের তালিকাসহ প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেন।

আদালতের এই নির্দেশনা বাস্তবায়িত হলে কর্ণফুলী নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখলদারদের চিহ্নিতকরণ এবং নদী রক্ষায় পরবর্তী কার্যকর পদক্ষেপ গ্রহণের পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com