তৌফিকের স্ত্রী-সন্তানের দায়িত্ব নিল কর্মস্থল, দিল ২ লাখ টাকা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনে প্রাণ হারানো পোশাকশ্রমিক তৌফিক হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে তাঁর কর্মস্থল লায়লা স্টাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটি তৌফিকের স্ত্রী সেতু মনি ও শিশুসন্তানের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে।
শুক্রবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের বাড়িতে গিয়ে পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা তুলে দেন কারখানার কর্মকর্তারা। পাশাপাশি পরিবারের বসতভিটা ফিরিয়ে দিতে অতিরিক্ত ৬০ হাজার টাকা সহায়তা দেন প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা মিন্টু কুমার সাহা।
এ ছাড়া তৌফিকের স্ত্রীকে কারখানায় চাকরি দেওয়ার পাশাপাশি তাঁদের শিশুসন্তানের ভরণপোষণ ও ভবিষ্যতের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।
গত ২ নভেম্বর গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলার ভিডিও ধারণ করতে গিয়ে গুরুতর আহত হন তৌফিক। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এতে স্ত্রী ও ছোট্ট সন্তানকে নিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়ে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে ১ লাখ টাকা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী দোষীদের বিচারের আশ্বাস দেন।
তৌফিকের মৃত্যুতে স্ত্রী-সন্তানের জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। তবে কর্মস্থল প্রতিষ্ঠানের এই মানবিক উদ্যোগ অসহায় পরিবারটির ভবিষ্যৎ জীবনে কিছুটা হলেও স্বস্তি ও নিরাপত্তার আশ্বাস দেবে।