রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ অনার্সপড়ুয়া তরুণী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি: 

রংপুর মহানগরীর লালবাগ চৌকিহাট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা (এমফিটামিন) ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (২০) নামে এক অনার্সপড়ুয়া তরুণীকে গ্রেপ্তার করেছে তাজহাট থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর লালবাগ চৌকিহাট এলাকার পাশে লিটন মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আফসানা মরিয়মকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১ হাজার ৭৩০ পিস এমফিটামিনজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আফসানা মরিয়ম স্থানীয় আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি হারাগাছ সরকারি কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ওসি রফিকুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফসানা জানিয়েছেন, তিনি মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত লিটন মিয়ার মেয়েকে প্রাইভেট পড়াতেন। উদ্ধার করা মাদকদ্রব্য লিটন মিয়া তার হেফাজতে রেখেছিলেন বলে তিনি দাবি করেছেন।

এ ঘটনায় আফসানা মরিয়মের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com