দেনমোহর মিটিয়ে তালাকের পর সাবেক স্ত্রীর অভিযোগ ‘বানোয়াট’, স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
প্রেমের সম্পর্কের পরিণতি হিসেবে পারিবারিকভাবে বিয়ে হলেও বছর না ঘুরতেই দাম্পত্যের ইতি। এরপর আইন মেনে দেনমোহর পরিশোধ করে বিচ্ছেদ ঘটানোর পরও সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনে করা নির্যাতনের অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন সাবেক স্বামী ও তাঁর পরিবার।
রোববার ৮ নভেম্বর ক্ষেতলাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক স্ত্রী আমেনার আনা অভিযোগের লিখিত প্রতিবাদ জানান উপজেলার হিন্দা কসবা এলাকার মোতালেবের ছেলে রাশেদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে রাশেদুল ইসলাম জানান, চলতি বছরের ১০ জানুয়ারি উপজেলার জালিয়াপাড়া গ্রামের সানোয়ারের মেয়ে আমেনার সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর আমেনা শ্বশুরবাড়িতে মাত্র একবার গিয়ে ঘণ্টা ছয়েক অবস্থান করেছিলেন। এরপর তাঁরা দুজনেই বগুড়ায় একটি ভাড়া বাসায় সংসার শুরু করেন।
তিনি আরও জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে তাঁকে নিয়মিত বিভিন্ন স্থানে যাতায়াত করতে হতো। এ সময় পারিবারিক নানা বিষয় এবং মুঠোফোনে তৃতীয় পক্ষের সঙ্গে অনাকাঙ্ক্ষিত যোগাযোগকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্যে তীব্র কলহ দেখা দেয়। একপর্যায়ে সম্পর্কের চরম অবনতি ঘটলে ইসলামী শরিয়াহ ও দেশের প্রচলিত আইন মেনে গত ৩০ আগস্ট স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক প্রদান করেন তিনি। বিচ্ছেদের সময় দেনমোহরসহ যাবতীয় পাওনাদি বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন রাশেদুল।
ক্ষোভ প্রকাশ করে রাশেদুল ইসলাম বলেন, “ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু শুরু থেকেই অশান্তি পিছু ছাড়েনি। আমার বাবা-মায়ের সঙ্গেও সে স্বাভাবিক সম্পর্ক রাখেনি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সব দেনা-পাওনা পরিশোধ করে বিচ্ছেদের পথ বেছে নিই। অথচ বিচ্ছেদের দুই মাস পর ক্ষেতলাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমার ও আমার নিরীহ পরিবারের বিরুদ্ধে মনগড়া নির্যাতনের গল্প ফাঁদা হয়েছে।
আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
ছেলের বক্তব্যের সাথে একমত পোষণ করে রাশেদুলের বাবা মোতালেব বলেন, “বিয়ের পর পুত্রবধূ আমাদের বাড়িতে মাত্র একবার এসে ছয় ঘণ্টার মতো ছিল। এরপর বগুড়ায় গিয়ে আলাদা থেকেছে। যে বাড়িতে সে রইলই না, সেখানে আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে তাকে নির্যাতনের অভিযোগ তোলা কতটা হাস্যকর ও বানোয়াট, তা সহজেই অনুমেয়।”
এদিকে সংবাদ সম্মেলনে উত্থাপিত পাল্টা অভিযোগের বিষয়ে জানতে সাবেক স্ত্রী আমেনার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর তাৎক্ষণিক কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।