নওগাঁর দুই উপজেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ২, গুরুতর আহত বেশ কয়েকজন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। অন্যদিকে, মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় শাংগৈল-শিবপুর আঞ্চলিক সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতরা হলেন, হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২০) এবং একই ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে নুরুল ইসলাম (৪৫)।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহাদেবপুর উপজেলার মহিষবাতান এলাকায় এনায়েতপুর তৈল পাম্পের সামনে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন বয়স্ক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে এ দুর্ঘটনায় কী ধরনের যানবাহনের সংঘর্ষ হয়েছে, মোট কতজন আহত হয়েছেন এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com