ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স ২০২৩-২৪ (অনার্স ২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের শ্রেণিকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জুলফিকার হোসেন ও অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন।
অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৬৩ জন মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তারা স্নাতকোত্তর সম্পন্ন করা বিভাগটির ৩য় ব্যাচের শিক্ষার্থী। বিভাগের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, উপহার দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি, শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ পথচলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভাগের প্রয়াত সভাপতি সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনাকে স্মরণ করে শিক্ষক-শিক্ষার্থীরা শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য প্রশাসনের সহযোগিতায় একটি সেমিনার কক্ষ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভাগের সভাপতি ড. রোকসানা মিলি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবন শেষের মধ্য দিয়ে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন সমাপ্ত করেছেন। নতুন অধ্যায়ের বিশাল দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিতে মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে। জীবনে ভালো কিছু করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুনাম তুলে ধরতে সবসময় চেষ্টা করতে হবে।
বিশ্বিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, শুধু মেধা নয়, বরং কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ই সফলতার চাবিকাঠি। শিক্ষার্থীদের কর্মজীবনে সততা, নৈতিকতা ও মানবিক দায়িত্ববোধ বজায় রেখে দেশের সেবা ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। সময়ের সঠিক ব্যবহার ক্যারিয়ার গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। দক্ষতা বৃদ্ধির জন্য পড়াশোনার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক সেক্টরে ইন্টার্নশিপ করা প্রয়োজন। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ভালো চাকরি পাওয়া কঠিন। তাই কাজের দক্ষতার ওপর গুরুত্বারোপ করে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রদর্শন করা সবচেয়ে বেশি জরুরি