মীরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

রোববার (৮ নভেম্বর) উপজেলার ওচমানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), তার ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরিদুল ইসলামের ছেলে ফারাবি হোসেন (২৬)।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে একটি অসাধু চক্র মিয়ানমারে সার পাচার করে আসছে। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। এ সময় সার পাচারের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তাদের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে সার পাচার চক্রের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। এরই ধারাবাহিকতায় ওচমানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও মোবাইল ফোনে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের কার্যালয়েও অভিযান চালায় জোরারগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বাদশাহ নামে একজনকে মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের কার্যালয় থেকে সার পাচার-সংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি।

গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সার পাচারের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com