ক্ষেতলালে পুলিশের জালে ১৯ মামলার ‘আশরাফ ডাকাত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলালে ডাকাতি, চুরি ও মাদকসহ অন্তত ১৯টি মামলার আসামি আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’কে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ৯ নভেম্বর সকালে কঠোর পুলিশি পাহারায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আশরাফ উপজেলার বড়তারা গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই ও পার্শ্ববর্তী বগুড়া সদর থানায় বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের হয়। অভিযোগগুলোর মধ্যে সংঘবদ্ধ ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মাদক ও মারামারির ঘটনাই প্রধান। বেশ কয়েকটি মামলায় ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এ ছাড়া গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের হওয়া ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত আরেকটি মামলায়ও তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আশরাফের বিরুদ্ধে একাধিক থানায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক প্রক্রিয়া শেষে সোমবার বেলা ১০টার দিকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।